বাংলা ভিউ আন্তর্জাতিক ডেস্ক:
দীর্ঘ রাজনৈতিক অচলাবস্থার অবসান ঘটিয়ে ইরাকের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন কুর্দি রাজনীতিক নিজার আমেদি।
শনিবার (১১ এপ্রিল, ২০২৬) দেশটির পার্লামেন্টে অনুষ্ঠিত দ্বিতীয় দফার ভোটে তিনি বড় ব্যবধানে জয়লাভ করেন। প্যাট্রিওটিক ইউনিয়ন অব কুর্দিস্তান (পিইউকে) দলের মনোনীত প্রার্থী আমেদি ২২৭টি ভোট পেয়ে জয়ী হন, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মুথান্না আমিন নাদের পেয়েছেন মাত্র ১৫টি ভোট।
২০০৩ সালে সাদ্দাম হোসেনের পতনের পর তিনি ইরাকের ষষ্ঠ রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।
নির্বাচনে জয়ের পর পার্লামেন্টে দেওয়া ভাষণে নিজার আমেদি দেশের বর্তমান চ্যালেঞ্জগুলো মোকাবিলায় সরকারের সব শাখার সঙ্গে মিলেমিশে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি তার নীতি হিসেবে ‘ইরাক ফার্স্ট’ বা ‘সবার আগে ইরাক’ কথাটি উল্লেখ করেন এবং ইরান ও ইসরায়েল-যুক্তরাষ্ট্রের মধ্যকার সাম্প্রতিক যুদ্ধের সময় ইরাকের ওপর হওয়া হামলার তীব্র নিন্দা জানান।
উল্লেখ্য, গত নভেম্বরের নির্বাচনের পর প্রায় ১৫০ দিন ধরে ইরাকে সরকার গঠনে অচলাবস্থা চলছিল, যা আমেদির এই নির্বাচনের মাধ্যমে কাটতে শুরু করেছে।
ইরাকের প্রচলিত ক্ষমতা বণ্টন ব্যবস্থা অনুযায়ী প্রেসিডেন্ট পদটি কুর্দিদের জন্য সংরক্ষিত। ৫৮ বছর বয়সী আমেদি একজন অভিজ্ঞ সরকারি কর্মকর্তা, যিনি এর আগে দুই মেয়াদে রাষ্ট্রপতির জ্যেষ্ঠ উপদেষ্টা এবং ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত পরিবেশমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সাংবিধানিক নিয়ম অনুযায়ী, নতুন প্রেসিডেন্ট আগামী ১৫ দিনের মধ্যে পার্লামেন্টের বৃহত্তম ব্লকের মনোনীত প্রার্থীকে প্রধানমন্ত্রী হিসেবে সরকার গঠনের আহ্বান জানাবেন। তবে প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে দেশটিতে এখনো উত্তেজনা বিরাজ করছে, বিশেষ করে ইরান-ঘনিষ্ঠ শিয়া দলগুলো নুরি আল-মালিকিকে এই পদের জন্য মনোনয়ন দেওয়ায় এবং তাতে যুক্তরাষ্ট্রের আপত্তি থাকায় পরিস্থিতি বেশ জটিল হয়ে আছে।
সূত্র: আল জাজিরা