আব্দুর রহিম, বাংলা ভিউ অনলাইন নিউজ ডেস্ক :
এক দশক ধরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে ক্যাম্পাসের ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরছে সংগঠনটি।
সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের অন্যতম শক্তিশালী হাতিয়ার। আর ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদের লেখনী ও বিশ্লেষণী দক্ষতা বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে তা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজে গত এক দশক ধরে এই দায়িত্ব পালন করে আসছে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি।
সংগঠনটির এক দশকে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটা। এ উপলক্ষে রিপোর্টার্স ইউনিটির প্রথম ম্যাগাজিন ‘জানালা’-এর মোড়ক উন্মোচন করা হয়।
রোববার (১৩ সেপ্টেম্বর) আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, গত ১০ বছর ধরে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি ক্যাম্পাসের ইতিবাচক কর্মকাণ্ড তুলে ধরার পাশাপাশি বিভিন্ন অসঙ্গতি নিয়ে গঠনমূলক ও দায়িত্বশীল সাংবাদিকতা করে আসছে। এর মাধ্যমে সংগঠনটি একদিকে যেমন কলেজের সুনাম ও ঐতিহ্য তুলে ধরেছে, অন্যদিকে সাধারণ শিক্ষার্থীদের অধিকার ও স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়েও সোচ্চার ভূমিকা রেখেছে।
বক্তারা আরও বলেন, রিপোর্টার্স ইউনিটির কার্যক্রম শুধু সংবাদ প্রকাশ ও লেখালেখির মধ্যে সীমাবদ্ধ নয়। বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও সংগঠনটির সদস্যরা ভূমিকা রেখেছেন।
বিশেষ করে করোনাকালীনসহ বিভিন্ন সংকটময় সময়ে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে তারা নিজেদের সক্ষমতা ও সামাজিক দায়বদ্ধতার পরিচয় দিয়েছেন।
তারা বলেন, আগামী দিনেও সত্য ও ন্যায়ের পক্ষে রিপোর্টার্স ইউনিটির কলম সচল রাখতে হবে। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে এমসি কলেজের গৌরব, ঐতিহ্য ও সম্ভাবনাকে দেশ ও সমাজের সামনে আরও সুন্দরভাবে তুলে ধরতে হবে।
এক দশকে পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা এমসি কলেজের ঐতিহ্য, অর্জন ও সম্ভাবনাকে গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে রিপোর্টার্স ইউনিটির ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে দায়িত্বশীল সাংবাদিকতার ধারা অব্যাহত রাখার জন্য সংগঠনের বর্তমান ও সাবেক সদস্যদের ধন্যবাদ ও শুভকামনা জানান।
এর আগে সকাল সাড়ে ১১টায় রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ের সামনে বৃক্ষরোপণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি এম. সাইফুর রহমান ভবনে গিয়ে শেষ হয়। পরে ভবনের মনোবিজ্ঞান বিভাগের ১২০২ নম্বর কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয় এবং রিপোর্টার্স ইউনিটির প্রথম ম্যাগাজিন ‘জানালা’-এর মোড়ক উন্মোচন করা হয়।
বক্তারা আশা প্রকাশ করেন, আগামী দিনগুলোতে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি আরও দায়িত্বশীল, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে ক্যাম্পাসের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখবে এবং ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানের গৌরব ও সম্ভাবনাকে বৃহত্তর পরিসরে তুলে ধরবে।