বাংলা ভিউ ডেস্ক: বাংলাদেশে জাতীয় সংসদ জমে উঠেছে সংসদ সদস্যদের তর্ক-বিতর্কে । মৃদু বিতর্কে জড়ালেন সংসদ সদস্য ফজলুর রহমান।
কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ফ্লোর নিয়ে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবে সংসদে বলেছেন - মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে ইসলামী করতে পারে না ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকালে এ সময় জাতীয় সংসদের অধিবেশনে সংসদের সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ।
ফজলুর রহমানের এমন বক্তব্যে সংসদে উত্তেজনা সৃষ্টি হয়। সংসদে বিরোধীদলীয় সদস্যরা হট্টগোল শুরু করেন। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) সংসদ সদস্যদের শান্ত করেন।
হট্টগোল চলাকালে ফজলুর রহমান বলেন, ‘আমি আবারও বলছি, মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না। শহীদ পরিবারের কেউ জামায়াত করতে পারে না। যদি কেউ করে থাকে তাহলে তিনি দ্বিগুণ অপরাধ করছেন।’
ফজলুর রহমান বলেছেন, মুক্তিযুদ্ধের সঙ্গে যখন এক মাসের গণঅভ্যুত্থানকে তুলনা করা হয়, তখন মুক্তিযুদ্ধকে ছোট করা হয়। আমি মনে মনে ভাবি, হয়তোবা আমি মরে গেলেই ভালো হতো।
তিনি বিরোধী দলীয় নেতারও সমালোচনা করেন। বলেন, জামায়াত আমির আমার চেয়ে ১০ বছরের ছোট। তিনি নাকি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তিনি নাকি শহীদ পরিবারের সন্তান।এরপরই উত্তপ্ত হয়ে উঠে সংসদ।
ফজলুর রহমানের বক্তব্যের পর বিরোধী দলীয় নেতা ফ্লোর নিয়ে ফজলুর রহমানের জবাব দেন। তিনি ফজলুর রহমানের অসংসদীয় বক্তব্য এক্সপাঞ্জ করার অনুরোধ স্পীকারকে করেন।