প্যারিসে নানা আয়োজনে বাংলা টিভির এক দশক পূর্তি উদযাপন

| প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড
পোস্টটি পড়া হয়েছে :  বার
কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে বাংলা টিভির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদানের দৃশ‍্য ছবি:
কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে বাংলা টিভির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদানের দৃশ‍্য ছবি:

 

মুহাম্মদ হাফিজুর রাহমান 
(প্যারিস) ফ্রান্স থেকে

প্রবাসে বাংলা ভাষা, সংস্কৃতি ও কমিউনিটির সংবাদ পরিবেশনে এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল বাংলা টিভি।

প্রতিষ্ঠার দশম বর্ষপূর্তি উপলক্ষে গত ১৩ সেপ্টেম্বর ২০২৬ ইংরেজি রবি বার ফ্রান্সের রাজধানী প্যারিসের ম্যাক্স-ধর্মী এলাকার একটি স্থানীয় হলে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য বর্ষপূর্তি অনুষ্ঠান। 
বিশ্বজুড়ে বাংলা - এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্যারিসে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, ব্যবসায়ী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও নানা শ্রেণি-পেশার মানুষ জন উপস্থিত ছিলেন।

বাংলা টিভির ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আয়েবার মহাসচিব কাজী এনায়েত উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজনেস ফেডারেশনের সভাপতি সাত্তার আলী সুমন শাহ আলম, তূলুজ বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি ফখরুল হক সেলিম এবং আয়েবার সহ-সভাপতি মিন্টু চৌধুরী।

অনুষ্ঠানের সূচনায় ভায়োলিনে বাংলাদেশ ও ফ্রান্সের জাতীয় সংগীত পরিবেশন করেন আরশি চৌধুরী। পরে আয়েবার যুগ্ম মহাসচিব মরহুম মো. আল-মুমিনের আত্মার মাগফিরাত কামনা করে উপস্থিত সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

প্রধান অতিথি আয়েবার মহাসচিব কাজী এনায়েত উল্লাহ বলেন, "বাংলা টিভি শুধু একটি টেলিভিশন চ্যানেল নয়, এটি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কোটি বাঙালির আবেগ ও ভালোবাসার নাম।প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে বাংলা টিভি গত ১০ বছর ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আলোচনা পর্বে বক্তারা বলেন, প্রবাসী বাংলাদেশিদের সুখ-দুঃখ, সাফল্য ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরতে বাংলা টিভি গত এক দশকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

তারা ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সংবাদ ও প্রবাসী সমাজের প্রতিনিধিত্বমূলক গণমাধ্যম হিসেবে বাংলা টিভির অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে ফ্রান্স কমিউনিটিতে শিক্ষা, সমাজসেবা, সংস্কৃতি ও জনকল্যাণে বিশেষ অবদান রাখা কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে বাংলা টিভির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। একই সঙ্গে উপস্থিত সাংবাদিকদের উত্তরীয় পরিয়ে সম্মান জানানো হয়।

বর্ষপূর্তি অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাকের মনোমুগ্ধকর ফ্যাশন শো। ফ্রান্সে বেড়ে ওঠা নতুন প্রজন্মের শিশু শিল্পীদের নৃত্য ও সংগীত পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। পাশাপাশি শিশু-কিশোরদের জন্য বিশেষ চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন ও বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন নজরুল ইসলাম চৌধুরী, এমদাদুল হক স্বপন ও অজয় দাস। সমাপনী পর্বে অতিথিদের অংশগ্রহণে বাংলা টিভির এক দশক পূর্তি উপলক্ষে আনুষ্ঠানিকভাবে কেক কাটা হয় এবং প্রতিষ্ঠানের আগামী দিনের সাফল্য কামনা করা হয়।

বিষয়:

এলাকার খবর

সম্পর্কিত