কৃতি শিক্ষার্থীদের সাথে অতিথিবৃন্দ
বাংলা ভিউ নিউজ ডেস্ক : বৃহত্তর সিলেটে "মহসীন ফাউন্ডেশন"এর ২০২৬ সালের বৃত্তি প্রদান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) মুরারিচাঁদ কলেজ, সিলেট-এর পদার্থবিজ্ঞান বিভাগের উদ্যোগে অত্যন্ত আনন্দঘন ও মর্যাদাপূর্ণ পরিবেশে "মহসিন ফাউন্ডেশন" এর বৃত্তি প্রদান অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়। শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি দিতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করেছেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আকমল হোসেন এবং মুরারিচাঁদ কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোহাম্মদ আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও কুলাউড়া সরকারি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ আলাউদ্দিন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোহাম্মদ তৌফিক এজদানি চৌধুরী। অনুষ্ঠান প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শিক্ষার্থীদের কল্যাণে এবং শিক্ষার প্রসারে মহসীন ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। অন্যান্য অতিথিরাও এ কাজের জন্য সৈয়দ মহসীন আলীর প্রশংসা করেন। বিভাগীয় প্রধান পদার্থবিজ্ঞান পরিবারের পক্ষ থেকে তাঁর প্রতি অন্তহীন কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেন। মেধার স্বীকৃতি: অনুষ্ঠানে ২০১৯-২০, ২০২০-২১, ২০২১-২২, ২০২২-২৩ এবং শিক্ষাবর্ষের অনার্স ফাইনাল পরীক্ষায় ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারকারী কৃতি শিক্ষার্থীদের সম্মাননা সার্টিফিকেট, পুরস্কার ও নগদ অর্থ প্রদান করা হয়। একই দিনে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুলে মহসীন ফাউন্ডেশনের বৃত্তি প্রদান সম্পন্ন করা হয়। সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর ড. মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া কলেজের সাবেক অধ্যক্ষ, এমসি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ড. মুহাম্মদ আলাউদ্দিন খান। অনুষ্ঠানে স্কুলের ১৪ জন্য মেধাবী শিক্ষার্থীকে "মহসীন ফাউন্ডেশন" বৃত্তির অর্থ হস্তান্তর করা হয়।