প্রকাশ :: ১৩ জুন ২০২৬, ১৪:০৪

সংগীতানুষ্ঠান ‘সংস অব বেঙ্গল: প্রাণ বন্ধের সনে’


সংযুক্ত ছবি

বিশ্ব সংগীত দিবস উদ্‌যাপনে শিল্পীরা

বাংলা ভিউ ডেস্ক : বিশ্ব সংগীত দিবস উদ্‌যাপন এবং বাংলার সমৃদ্ধ লোকসংগীতের ঐতিহ্যকে সমসাময়িক উপস্থাপনার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে অনুষ্ঠিত হলো বিশেষ সংগীতানুষ্ঠান ‘সংস অব বেঙ্গল: প্রাণ বন্ধের সনে’। এম ডব্লিউ ম্যাগাজিন বাংলাদেশ এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের ন্যাচারাল ওয়েলনেস ব্র্যান্ড ‘মায়া’ যৌথভাবে এই চমৎকার সন্ধ্যার আয়োজন করে। শুক্রবার (১২ জুন) রাজধানীর আলোকি কনভেনশন সেন্টারে আয়োজিত এবারের উৎসবটি উৎসর্গ করা হয় বাংলার অন্যতম শ্রেষ্ঠ মরমি কবি ও গীতিকার দেওয়ান হাছন রাজা চৌধুরীকে, যার সৃষ্টি এক শতাব্দীরও বেশি সময় ধরে বাংলার মানুষের হৃদয়ে অনুরণিত হয়ে আসছে। এই আয়োজনের প্রধান আকর্ষণ ছিল জনপ্রিয় সংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক শায়ান চৌধুরী অর্ণবের মিউজিক ডিরেকশন ও কিউরেশন। তার অনন্য শিল্পভাবনা ও আধুনিক সংগীত বিন্যাসে হাছন রাজার ভালোবাসা, বৈরাগ্য ও আধ্যাত্মিক দর্শনের কালজয়ী গানগুলো এক নতুন আবহে পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের মাঝে এক অনন্য সংগীতানুভূতির জন্ম দেয়। সুর, দর্শন ও আবেগের এক অপূর্ব মেলবন্ধনে সংগীত ও গল্পকথনের মাধ্যমে হাছন রাজার হাওর সংস্কৃতি, লোকজ দর্শন এবং ‘মনের মানুষ’ খোঁজার মরমি জীবনবোধকে সমসাময়িক দর্শকদের সামনে নতুনভাবে তুলে ধরা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন এম ডব্লিউ ম্যাগাজিন বাংলাদেশের সম্পাদক ও প্রকাশক রুমানা চৌধুরী। তিনি নতুন প্রজন্মের কাছে সাংস্কৃতিক ঐতিহ্যকে অর্থবহভাবে পৌঁছে দেওয়ার গুরুত্ব তুলে ধরেন এবং শিল্প, সাহিত্য, সংগীত ও সংস্কৃতিকে সমসাময়িক দর্শকের সঙ্গে সংযুক্ত করার ক্ষেত্রে এম ডব্লিউ-এর ধারাবাহিক উদ্যোগের কথা উল্লেখ করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য প্রদান করেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মালিক মোহাম্মদ সাঈদ। আয়োজনটি স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সহযোগিতায় অনুষ্ঠিত হয় এবং প্রকৃতি, সংস্কৃতি ও ঐতিহ্যকে উদ্‌যাপন করে এমন উদ্যোগগুলোর সঙ্গে মায়ার চলমান সম্পৃক্ততার প্রতিফলন ঘটায়। এই আয়োজনের কমিউনিকেশন পার্টনার হিসেবে কাজ করেছে সান কমিউনিকেশনস লিমিটেড। বিশ্ব সংগীত দিবস উপলক্ষে মায়া সংস অফ বেঙ্গল: প্রাণ বন্ধের সনে’ অনুষ্ঠানটি আগামী ২১ জুন ২০২৬ তারিখ রাত সাড়ে আটটায় মাছরাঙা টেলিভিশনে সম্প্রচারিত হবে।