প্রকাশ :: ২৫ অক্টোবর ২০২৬, ১৫:৩০

না ফেরার দেশে মুক্তিযুদ্ধে প্রবাসী সংগঠক অধ্যাপক আবুল হাশেম


সংযুক্ত ছবি

রাহি আহমেদ ইমন, লন্ডন থেকে : মহান মুক্তিযুদ্ধের সময় প্রবাসে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে জনমত গঠন ও সংগঠনের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা অধ্যাপক আবুল হাশেমকে অশ্রুসিক্ত নয়নে শেষ বিদায় জানিয়েছেন যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটির সদস্যরা। গত শনিবার (২৪ অক্টোবর) লন্ডনে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে লন্ডনের এটারনেল গার্ডেনস কবরস্থানে দাফন করা হয়। অধ্যাপক আবুল হাশেম যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক এবং যুক্তরাজ্য ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। দীর্ঘ পাঁচ দশকের বেশি সময় ধরে তিনি যুক্তরাজ্যে বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে যুক্তরাজ্যের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। গত শুক্রবার (২৩ অক্টোবর) লন্ডনের কিংস কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টা ১০ মিনিটে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। তিনি স্ত্রী, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধু, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তাঁর গ্রামের বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার গালিমপুর ইউনিয়নের চানহাটি গ্রামে। জানাজায় রাজনৈতিক ও সামাজিক নেতারা : শনিবার সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে লন্ডনসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আসা রাজনৈতিক ও কমিউনিটি নেতারা অধ্যাপক আবুল হাশেমের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হন। জানাজায় ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ব্রিক লেন সেন্ট্রাল মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা নজরুল ইসলাম জানাজায় ইমামতি করেন। যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, সাবেক মন্ত্রী শফিকুর রহমান চৌধুরী, সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, সংগঠনটির সাবেক সভাপতি ও উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান শামসুদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী সহ বিভিন্ন পর্যায়ের নেতারা শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তাঁরা অধ্যাপক আবুল হাশেমের রাজনৈতিক অবদান স্মরণ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়।