মুহাম্মদ হাফিজুর রাহমান, প্যারিস থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘মৌলভীবাজার জেলা উৎসব -ফ্রান্স ২০২৬’। সোমবার ( ২৪ আগস্ট) প্যারিসের -জুরেস পার্কে দিনব্যাপী এই উৎসবের আয়োজন করে ফ্রান্সে বসবাসরত মৌলভীবাজার জেলার প্রবাসীরা। জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছাড়াও বিপুলসংখ্যক বাংলাদেশি পরিবার এ উৎসবে অংশ নেয়। প্রবাসের ব্যস্ত জীবনে দেশের মাটি, সংস্কৃতি ও পারস্পরিক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। উৎসবের মূল আকর্ষণ ছিল: সংবর্ধনা ও সম্মাননা : মৌলভীবাজার জেলার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, সিনিয়র ও গুণীজনদের সম্মাননা এবং জেলার বিভিন্ন সামাজিক সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়। ঐতিহ্য ও বিনোদন : বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবারের বিভিন্ন স্টল, আকর্ষণীয় র্যাফেল ড্র এবং নারী ও শিশুদের জন্য বিভিন্ন খেলাধুলা ও বিনোদনমূলক আয়োজন ছিল। ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান: দেশ-বিদেশ থেকে আগত শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সংগীতানুষ্ঠান উপস্থিত দর্শকদের মাঝে বাড়তি আনন্দ যোগ করে। আয়োজকরা জানান, পরিবার-পরিজন ও নতুন প্রজন্মের ব্যাপক উপস্থিতিতে উৎসবস্থল পরিণত হয় এক টুকরো বাংলাদেশে। বিশেষ করে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য এবং মৌলভীবাজার জেলার ইতিহাস তুলে ধরার ক্ষেত্রে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সার্বিকভাবে ‘মৌলভীবাজার জেলা উৎসব-ফ্রান্স ২০২৬’ প্রবাসী বাংলাদেশিদের মিলন, সংস্কৃতি ও সম্প্রীতির এক প্রাণবন্ত আয়োজনে পরিণত হয়।