সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ || সংগ্রহ
বাংলা ভিউ ডেস্ক : সুনামগঞ্জের জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলার গ্রামীণ অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক)-এ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দুটি উন্নয়ন প্রকল্প অনুমোদিত হয়েছে। সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদের প্রচেষ্টায় এই প্রকল্পগুলোতে এলাকার গুরুত্বপূর্ণ দুটি দীর্ঘ সেতু এবং দুই উপজেলার জন্য প্রায় ২০০ কোটি টাকার সড়ক উন্নয়ন কাজ অন্তর্ভুক্ত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এলজিইডি’র ‘উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্প’-এর আওতায় সুনামগঞ্জ জেলায় মোট চারটি সেতু অনুমোদিত হয়েছে। এর মধ্যে দুটি গুরুত্বপূর্ণ সেতুই জগন্নাথপুর উপজেলায় অবস্থিত। স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদের ডিও লেটারের পরিপ্রেক্ষিতে অনুমোদিত সেতু দুটি হলো– চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সমধল সেতু ও পাইলগাঁও ইউনিয়নের ইটাখোলা সেতু। এরমধ্যে ২১০মিটার দৈর্ঘ্যের সমধল সেতুর আনুমানিক প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে প্রায় ৪০ কোটি টাকা এবং ১২০ মিটার দীর্ঘ ইটাখোলা সেতু নির্মাণে আনুমানিক প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ২০ কোটি টাকা। অপরদিকে,সিলেট বিভাগের চার জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর আওতায় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বড় বরাদ্দ দেওয়া হয়েছে। এ প্রকল্পের অধীনে সুনামগঞ্জ-৩ আসনের অন্তর্ভুক্ত জগন্নাথপুর ও শান্তিগঞ্জ উপজেলায় মোট প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কের সংস্কার ও নির্মান কাজ বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।